বিশ্বদরবারে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে প্রমাণের অপচেষ্টায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে সঠিক গণতান্ত্রিক ও মানবাধিকারের পথে এগিয়ে যাচ্ছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান ও জনগণের সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ নতুন মর্যাদা লাভ করেছে।
রোববার (১১ অক্টোবর) তানজানিয়ায় আন্তর্জাতিক সংসদীয় সম্মেলন শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩তম আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে স্পিকার বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের অন্যান্য পার্লামেন্টের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, তানজানিয়া সফরকালে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভুটানের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৭টি দেশের মধ্যে মাত্র দুটি দেশ এ সম্মেলনে বিশেষ অংশ নেয়। ওই অঞ্চলে আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ একটি আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছে। ৫ অক্টোবর তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত সম্মেলনে ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে হাফিজ উদ্দিন বলেন, আওয়ামী লীগের আনা এসব অভিযোগ ইতোমধ্যে আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের মহাসচিব খতিয়ে দেখেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি বাংলাদেশ সফরও করেছেন। আগস্টে আইপিইউর মহাসচিব অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সফর করেন।
তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে শেখ হাসিনার নির্দেশে ঘটে যাওয়া গুম ও খুনের ঘটনার গভীর তদন্ত চালিয়েছে। আওয়ামী লীগ বিশ্বমঞ্চে দেশকে ভুলভাবে উপস্থাপন করতে চেয়েছিল। কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।











