মাদারীপুরের কালকিনিতে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি কালকিনির দক্ষিণ ঠ্যাঙ্গামারা এলাকার বাবুল সরদারের ছেলে রনি সরদারের সঙ্গে পাঙ্গাশিয়া গ্রামের আলী ফকিরের ছেলে জহির ফকিরের মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে শনিবার রাতে জহির লোকজন নিয়ে রনিকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত চারজন আহত হন। তাঁদের মধ্যে একজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। বাকি আহতরা গ্রেফতার আতঙ্কে অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক জোবায়ের হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।











