spot_img
spot_img

মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে ২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতের মহাসমাবেশ

কারাবন্দি মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বিক্ষোভ সমাবেশে মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত মাওলানা মামুনুল হল সহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের নূন্যতম সম্মান দেখানো হচ্ছে না। তাঁরা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন সে ক্ষেত্রেও অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে। দেশের শান্তিপ্রিয় আলেম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নির্মমভাবে হরণ করা হচ্ছে। যেসব আলেম ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের বেশির ভাগ দিন হাজিরার জন্য তাদেরকে এক আদালত থেকে আরেক আদালতে হাজিরার জন্য ঘুরপাক খেতে হচ্ছে। আলেমদের সাথে হয়রানি মূলক এ সকল আচরণ অতি সত্বর বন্ধ করতে হবে।

মহাসচিব আরো বলেন, ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আগামী ২৯ ডিসেম্বরের আগে মাওলানা মামুনুল হকসহ বাকি কারাবন্দী আলেমদের মুক্তি দিতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে।

আল্লামা শায়েখ সাজিদুর রহমান আরো বলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও ৯২ ভাগ মুসলমানের দেশের সিলেবাস থেকে পর্যায়ক্রমে ইসলামী ইতিহাস, মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধ, উদ্দীপনামূলক কবিতা, গল্প ও প্রবন্ধ ইত্যাদি বাদ দেয়া হয়েছে। অধিকন্তু নতুন কারিকুলামে যৌন শিক্ষাসহ এমন বিষয় সংযুক্ত করা হয়েছে যা আমাদের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য একেবারেই বেমানান। শিক্ষা ক্ষেত্রে এ পদক্ষেপ আমাদের দেশের পরবর্তী প্রজন্মকে ইসলাম হারা করার জন্য একটি পরিকল্পিত পরিকল্পনা ছাড়া অন্য কিছু নয়। তাই অবিলম্বে জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয়াদী বাতিল করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

এ সময় মুফতী কিফায়াতুল্লাহ আজহারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মীর ইদরিস, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা বশীরুল্লাহ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা জাবের কাসেমী, মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা আলী আকবর, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা যুবায়ের আহমাদ, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা রাসেদ বিন নূর, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা শরিফুল্লাহ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ