‘এক রাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি’ এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমি যা বলেছি, কোনো ভুল বলিনি। বক্তব্য একদম ঠিক আছে। অনেক কথার মধ্যে বিষয়টি এসেছে।’
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
গতকাল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া ওই সাক্ষাৎকারের ব্যাপারে আব্দুর রাজ্জাক বলেন, দেশে সহিংসতা আটকাতে পরিকল্পিতভাবেই বিএনপি নেতাকর্মীদের জেলে রাখা হয়েছে। নির্বাচনে এলে ছাড় দেয়ার প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি নেতাকর্মীরা।
এদিকে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে নেয়া উদ্যোগ প্রসঙ্গে কৃষিমন্ত্রী যা বলেছেন, সেটি তার ব্যক্তিগত মত বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
একজন সাংবাদিক তার কাছে জানতে চান, একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বলেছেন, বিএনপিকে নির্বাচনে আসার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। যদি তারা আসতো, তাহলে রাতারাতি ২০ হাজার নেতাকর্মীকে ছেড়ে দেয়া হতো। এই ব্যাপারটা বিচারের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ হয় কি না?
জবাবে কাদের বলেন, ‘কৃষিমন্ত্রীর নামে খবরটি ইন্টারভিউতে প্রকাশ করেছে। তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত মতামত।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। আওয়ামী লীগ দলীয় নিয়ম-নীতি ভঙ্গ করে; গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের যে কমিটমেন্ট, সেটা বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা আর কাউকে দেবে, এটা কখনো সঠিক হতে পারে না।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘এ ধরনের কোনো প্রস্তাব আমাদের সরকার দেয়নি। দলীয়ভাবেও এ ধরনের প্রস্তাব দেইনি। আর বিএনপির ২০ হাজার নেতাকর্মী জেলে আছে এটাও তো আমরা বিশ্বাস করি না।










