বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, জাতীয় শিক্ষাক্রম দেশের জনগণের জাগতিক-আদর্শিক চাহিদা মোতাবেক হতে হবে।
আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, নতুন বছর শুরু হতে আর মাত্র সপ্তাহখানেক বাকি। নতুন বছরে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি নতুন শিক্ষাক্রম নিয়ে সচেতন অভিভাবক, শিক্ষকসমাজসহ সর্বমহলে হতাশা, ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া, সভা-সেমিনার, পত্র-পত্রিকায় প্রকাশিত নানাজনের প্রবন্ধ-নিবন্ধ, বক্তৃতা-বিবৃতিতে ব্যাপকভাবে উঠে এসেছে।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আদর্শ জাতি গঠনে জাতীয় শিক্ষাক্রম একটি দেশের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দু:খজনক হলেও সত্য গত কয়েক বছর ধরে শিক্ষা কার্যক্রম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও নতুন শিক্ষাক্রম চালুর নামে জাতিকে মেধাহীন ও ধর্মহীন করার চক্রান্ত চলছে বলে প্রতীয়মান হচ্ছে। ইসলামী মূল্যবোধসমূহের সাথে সরাসরি সাংঘর্ষিক বিভিন্ন বিষয় সিলেবাসে অন্তভুর্ক্ত করা হয়েছে যা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সাথে প্রতারণার শামিল। এছাড়া একমূখী শিক্ষাব্যবস্থার নামে গণিত ও বিজ্ঞানের পাঠ্যসূচিকে সংক্ষিপ্ত করা হয়েছে যা তথ্য-প্রযুক্তির এই যুগে একটি বাস্তবতাবিবর্জিত সিদ্ধান্ত।
তিনি অবিলম্বে সরকারকে এ বিষয়ে আলেম-উলামাসহ দলমত-নির্বিশেষে প্রথিতযশা শিক্ষাবিদদের সাথে মতবিনিময়ের মাধ্যমে ধর্ম ও নৈতিকতাকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক, বাস্তবমূখী শিক্ষাক্রম হাতে নেয়ার জোর দাবি জানান।










