পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলী জারদারি। তিনি পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
সূত্রে জানা যায়, ইতোমধ্যে জোট সরকার গঠনে ঐকমত্য হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এবং পিপিপি। সেই ঐকমত্যের অংশ হিসেবেই পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির পিতা আসিফ আলী জারদারিকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন এই জোট সরকারের পিপিপি-পিএমএলএন ছাড়াও রয়েছে আরও চারটি রাজনৈতিক দল। এগুলো হলো মুত্তাহিদা কওমি মুভমেন্ট পার্টি (এমকিউএমপি), পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজম (পিএমএলকিউ), ইস্তেকাম-ই পাকিস্তান পার্টি (আইপিপি) এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি)।
বুধবার পিএমএল-কিউ’র চেয়ারম্যান চৌধুরী সুজাত হাসানের বাসভবনে ছয় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তারা জানান, ছয়টি রাজনৈতিক দল জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে এবং পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলী জারাদারি।
সূত্র : জিও টিভি










