spot_img

আইয়ুব খানের নাতিকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা করেছে ইমরান খানের পিটিআই

পাকিস্তানের কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মহাসচিব ওমর আইয়ুবকে প্রধানমন্ত্রী পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ওমর আইয়ুব মুহাম্মাদ আইয়ুব খানের নাতি। ১৯৫৮ থেকে ১৯৬৯ পর্যন্ত ১০ বছর পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব খান।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পিটিআইয়ের প্রতিষ্ঠাতার সঙ্গে কথা বলার পর দলটির নেতা আসাদ কায়সার এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, পিটিআইয়ের মহাসচিব ওমর আইয়ুব প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হবেন। আসাদ কায়সার বলেন, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি পালন করবে পিটিআই। এই বিক্ষোভের তারিখ আজই প্রকাশ করবেন পিটিআই প্রতিষ্ঠাতা।

কায়সার বলেন, তাকে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে আসা সব রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার জন্য “অ্যাসাইনমেন্ট” দেওয়া হয়েছিল। বিশেষ করে জেইউআই-এফ, এএনপি ও কিউডব্লিউপির সাথে সমন্বয়ের মাধ্যমে ভোট জালিয়াতির বিরুদ্ধে আন্দোলন করার নির্দেশ দিয়েছেন ইমরান খান।

আসাদ কায়সার বলেন, আমরা সবাই একটি কৌশল তৈরি করতে চাই। কারণ জনগণের ম্যান্ডেট চুরি করা হয়েছে। এবারের এই নির্বাচন আমাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জালিয়াতির নির্বাচন। এই নির্বাচনে বিশ্বাসযোগ্যতার ব্যাপক ঘাটতি ছিল।

সূত্র: ডন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ