ব্রিটেন সরকারের উগ্রবাদের সংজ্ঞা প্রত্যাখ্যান করলো দেশটির ৪০০ এর অধিক ইমাম ও ইসলামিক স্কলার।
সম্প্রতি গণ-অধিকার রক্ষা ও রাষ্ট্র পরিচালনার স্বার্থে উগ্রবাদ ও চরমপন্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে দেশটির সরকার।
নতুন সংজ্ঞায় ব্রিটেনের লিবারেল সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে পদক্ষেপ নেওয়া হয়। এই গণতান্ত্রিক অধিকারের অবমূল্যায়ন ও পরিবর্তনের চেষ্টাকে উগ্রবাদ হিসেবে গণ্য করা হবে বলে উল্লেখ করা হয়। এছাড়া অপরের মৌলিক অধিকার ও স্বাধীনতা হননের পাশাপাশি তা অস্বীকার করাকে উগ্রবাদের নতুন সংজ্ঞায় যুক্ত করা হয়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ইসলামকে লক্ষ্যবস্তু বানিয়ে ইহুদিবাদী ব্রিটিশ মন্ত্রী মাইকেল গভের বানানো নতুন এই সংজ্ঞা বিতর্কের সূত্রপাত ঘটায়। দেশটির ৪০০ এর অধিক ইমাম ও ইসলামিক স্কলার এক যৌথ বিবৃতিতে উগ্রবাদের নতুন এই সংজ্ঞাকে প্রত্যাখ্যান করেন।
বিবৃতি তারা বলেন,, রক্ষণশীল রাজনীতির চাপের মুখে একাডেমিক ভাবে ভিত্তিহীন ও চরম পর্যায়ের ভুলের উপর ভিত্তি করে উগ্রবাদের এই সংজ্ঞা তৈরি করা হয়েছে। এছাড়া ইসলাম ও মুসলিমদের লক্ষ্যবস্তু বানানোর অতীত ইতিহাস রয়েছে সংজ্ঞার প্রবর্তক মাইকেল গভের। জায়োনিস্ট লবিস্টদের সাথেও তার গভীর সম্পর্ক ও নিয়মিত যোগাযোগ রয়েছে।
বিবৃতিতে ইমাম ও ইসলামিক স্কলারগণ ব্রিটেনকে দূর্নীতি ও অবিচার থেকে পরিত্রাণ দিতে তাদের চেষ্টা ও সংগ্রাম অব্যাহত রাখবেন বলে জানান।
সূত্র: জিও নিউজ











