গাজ্জায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়েছেন মার্কিন রিপাবলিকান এক কংগ্রেসম্যান।
রোববার (৩১ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মিশিগানের প্রতিনিধি টিম ওয়ালবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রচারিত একটি ভিডিওতে বলেছেন, গাজ্জার অবস্থা নাগাসাকি ও হিরোশিমার মতো হওয়া উচিত। এটি দ্রুত শেষ করুন।
জাপানের নাগাসাকি ও হিরোশিমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আমেরিকা পারমাণবিক বোমা ফেলেছিল। তিনি সেই উদাহরণ টেনে এই কথা বলেন।
ওয়ালবার্গ একজন রিপাবলিকান। গাজ্জা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের পাঁচ মাসেরও বেশি সময়ে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে ওই এলাকার বাসিন্দারা। তাদের জন্য মানবিক সহায়তার বিরুদ্ধে কথা বলতে শোনা যায় ওই ভিডিওতে।
ওয়ালবার্গ বলেন, গাজ্জায় মানবিক সহায়তার জন্য আমাদের আর একটি পয়সাও ব্যয় করা উচিত নয়।
এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে চলা এ যুদ্ধে এই অঞ্চলে কমপক্ষে ৩২ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে।
সূত্র : মিডল ইস্ট আই











