spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলী হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এতে করে উপত্যকাটিতে শহীদের মোট সংখ্যা পৌঁছেছে ৩৫ হাজার ৫৬২ জনে।

এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি।

সোমবার (২০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজ্জা উপত্যকায় ইসরাইলের প্রাণঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৫৬২ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। হামলায় অন্তত ৭৯ হাজার ৬৫২ জন আহত হয়েছেন বলেও এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ১০৬ জন শহীদ এবং আরও ১৭৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

আনাদোলু বলছে, গাজ্জায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ