spot_img

ছাত্র আন্দোলনে নিহত মামুনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাওলানা মাহফুজুল হক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শরীয়তপুর জেলার চিকন্দী নিবাসী, ঢাকা কলেজের মেধাবী ছাত্র মুহাম্মদ মামুনের পরিবারের সাথে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত করেন, হেফাজতের নায়েবে আমীর ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আজ বুধবার (২১ আগস্ট) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মাহফুজুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহত মামুনের বাড়িতে যান এবং তার পরিবারকে নগদ উপহার ও সান্ত্বনা দেন।

মামুনের বাবা ও ভাইকে সান্ত্বনা দিয়ে মাহফুজুল হক বলেন, ইসলামের আলোকে এটা মেনে নেয়া যে তার হায়াত শেষ হয়েছে বিধায় আল্লাহ তায়ালা তাকে উঠিয়ে নিয়েছেন। মানুষের সকল জরুরত পূরণকারী হলেন আল্লাহ। তার মাধ্যমে পারিবারিক যে জরুরত পূরণ হতো, আল্লাহ তায়ালা তা অন্য ভাবে পূরণ করবেন ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আপনার সন্তানের কবরে যেন ফুল দেয়া না হয়। মোমবাতি জ্বালিয়ে যেন শোক প্রকাশ না করা হয়। বরং কুরআন তিলাওয়াত, দান- সদকা ইত্যাদির মাধ্যমে যেন তার রূহের মাগফেরাত কামনা করা হয়। কেউ যেন শহীদ মামুনের কোন ভাস্কর্য তৈরী না করতে পারে।

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন বলেন, দেশের জন্য আপনার সন্তান নিজের তাজা খুন ঢেলে লাখো মানুষের মুখে প্রশান্তির হাসি ফুটিয়েছে। এ অবদানের কোন তুলনা হয় না।আপনি সৌভাগ্যবান পিতা। আপনার সন্তান অমর হয়ে থাকবে।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুল্লাহ আল মাহমুদ, মাওলানা আব্দুর রহমান খান ফরায়েজি, মাওলানা নাসির উদ্দীন, হাফেজ দবির উদ্দীন, মাওলানা তারিক জামিল, মাওলানা কারামতুল্লাহ মাসউদ, মাওলানা জামাল উদ্দীন প্রমুখ ওলামায়ে কেরাম।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ