বন্যাকবলিত ফেনীতে উদ্ধার কাজ করতে গিয়ে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাগর (৩২) পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
তার পারিবারিক সূত্র জানায়, সাগর চট্টগ্রামে একটি কারখানায় কাজ করতেন। সেখান থেকেই ত্রাণ তৎপরতার জন্য ফেনীতে আসেন। সাঁতার না জানায় দুর্ঘটনার শিকার হয়ে ফেনীতেই তিনি মারা যান। বর্তমানে সাগরের মরদেহ ফেনীতে রয়েছে।
করপাড়া ইউপি সদস্য ইউনুস হোসেন জানান, বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের সঙ্গে ফেনীতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় এসেছিলেন সাগর। পানি তোড়ে ডুবে যান সাগর। ওই সময় বিদ্যুতের লাইন পানিতে সক্রিয় ছিল। তবে ফেনীর কোন জায়গায় সাগরের মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সাগরের মৃত্যুতে শোক প্রকাশ করে ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি বলেন, সাগর করপাড়া ইউনিয়ন ছাত্রদলের নেতা ছিলেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি মানবতার কল্যাণেই কাজ করে গিয়েছেন। তার মৃত্যু আমাদের জন্য গভীর শোকের। মহান আল্লাহ নিশ্চয় তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেব কবুল করে নেবেন।
সাগর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২নং শ্যামপুর এলাকার আলীম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্লাহর ছেলে এবং করপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা।











