নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মো. নোমান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ইজিবাইক চালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় তাকে গ্রেপ্তার করা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ আকতার জুলিয়েট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নোমানকে দেখতে তার চাচা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মনা থানায় গেলে তাকেও আটক করা হয়।
নোমানকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে জড়ো হন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে নোমানের রিমান্ড ও বিচার দাবি করেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি আবু মো. নোমান হাসানকে র্যাবের সহযোগিতায় নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে হত্যা ও গুমের মামলাসহ ৪টি মামলার এজাহারভুক্ত আসামি। একইসঙ্গে তার চাচা মিজানুর রহমান মনাকেও আটক করা হয়েছে।
এই দুজনকেই বিএনপি দলীয় কার্যালয় ভাঙার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।











