চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসে দুর্নীতি, হয়রানি ও অনিয়মের অভিযোগ তুলে এর বিরুদ্ধে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন তারা।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ঘুষ, দালালি, ফাইল আটকে রাখা এবং নাগরিকদের হয়রানির মাধ্যমে ভূমি অফিসে দুর্নীতির চর্চা চালিয়ে আসছে, যা বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে।
তারা আরও জানান, এসব অনিয়মের বিরুদ্ধে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিস্থিতির প্রতিবাদে ১৯ নভেম্বর ২০২৪ তারিখে সাধারণ ছাত্র-জনতা পাঁচ দফা দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছিল। যদিও প্রশাসন সেসময় দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছিল, তবে এখনো তা বাস্তবায়ন হয়নি।
তাদের ৫ দফা দাবি ছিল:
১. ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সকল মধ্যস্থতাকারী ও দালালদের অপসারণ করে সরাসরি সেবা গ্রহণের পথ সুগম করতে হবে।
২. ভূমি অফিসের সিটিজেন চার্টার অফিসের সামনে টাঙাতে হবে।
এবং প্রতিটি সেবা প্রদানের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে অফিসের সামনে প্রদর্শন করতে হবে যাতে জনগণ জানতে পারে কখন কোন সেবা কত দিন সময়ে পাওয়া যায়।
৩. ডিজিটাল ব্যবস্থার পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করতে হবে। খতিয়ান, নামজারি, পর্চা খাজনা প রিশোধ ইত্যাদি সেবাকে শতভাগ অনলাইনভিত্তিক করে দুর্নীতির সুযোগ বন্ধ করতে হবে।
৪. সাধারণ জনগণের অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য নিরপেক্ষ ব্যবস্থা চালু করতে হবে।
ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণের জন্য একটি আলাদা ডেস্ক ও নিরপেক্ষ মনিটরিং কমিটি গঠন করতে হবে।
৫. ৫ আগষ্ট ২০২৪ ইং পরবর্তী সময়ে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে ,ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ঘুষ, বিলম্ব বা হয়রানির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত গঠন পূর্বক অপরাধ চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।











