বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিশ্বে চালু থাকা পদ্ধতিগুলোর মধ্যে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনও পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ এটি গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ শনিবার (১৬ আগস্ট) জেলা পরিষদ মিলনায়তনে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে পেশিশক্তি, কালো টাকার প্রভাব ও মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে। রাষ্ট্রপতির ভোটের মতোই একজন রিকশাওয়ালার ভোটেরও মূল্যায়ন করা হবে। এই পদ্ধতিতে কোয়ালিটি সম্পন্ন সংসদ গঠিত হবে।
পিআর পদ্ধতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী এটি নতুন করে চাইছে না। সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমও নির্বাচনের অবাধ ও সুষ্ঠু ব্যবস্থার জন্য দুটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন। এর একটি হলো তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতি। বিগত দিনে নির্বাচন সুষ্ঠু করতে যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। বর্তমানে বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু রয়েছে।











