ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বাম গণতান্ত্রিক ছাত্র জোট মনোনয়ন দিয়েছে শেখ তাসনিম আফরোজ ইমিকে। অথচ ইমি একসময় প্রকাশ্যে স্বৈরাচার শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন।
সোমবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহের পর আংশিক প্যানেল ঘোষণা করে বাম গণতান্ত্রিক ছাত্র জোট। ঘোষিত প্যানেলে ভিপি পদে রাখা হয়েছে শেখ তাসনিম আফরোজ ইমির নাম।
২০১৯ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হওয়ার পর এক টকশোতে ইমি বলেন, “শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তাকে আন্তরিক দেখেছি। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব হয়েছে তার আন্তরিকতার কারণেই। তিনি আমাদের গণভবনে ডেকে যে আতিথেয়তা দিয়েছেন, অন্তত কৃতজ্ঞতাবশত হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত।”
তখন ভিপি নুরুল হক নুর এই প্রস্তাবের বিরোধিতা করেন। কিন্তু আওয়ামী কর্তৃত্বে ২০১৯ সালের ৩০ মে ডাকসুর কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্তে নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন স্বাক্ষর দেননি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইমির সেই বক্তব্য আবারও ভাইরাল হয়েছে। ঠিক এমন সময়ে তাকে বাম জোটের প্রার্থী করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা তীব্র হয়েছে। তাদের দাবি, হাসিনার বন্দনাকারী একজনকে প্রার্থী করা প্রমাণ করে বামজোট আসলে আওয়ামী রাজনীতিরই সহচর।
আংশিক ঘোষিত প্যানেলে ভিপি পদে ইমির পাশাপাশি জিএস পদে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু, এজিএস পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমাদ জুবেল এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মোজাম্মেল হক মনোনয়ন নিয়েছে।











