সারাদেশের সব অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা রয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করুন।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ থেকে তিনি এই দাবি জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার তাদের সময়ে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকেও গ্রেপ্তার করতে পারেনি। এই সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। জুলাই বিপ্লব ও তার পরে যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, তার একটিতেও আপনারা অপরাধীকে গ্রেপ্তার করতে পারেননি। এই ব্যর্থতার জবাব আপনাদেরকে দিতে হবে। জুলাই বিপ্লবের রক্তের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যর্থতা মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, ওসমান হাদী তার ওপরে গুলি চালানোর কয়েক দিন আগে থেকেই বলেছে, তার জীবন নিরাপত্তাহীনতায় রয়েছে। তিনি জুলাই বিপ্লবের একজন সক্রিয় যোদ্ধা। তা সত্ত্বেও কেন তার নিরাপত্তা নিশ্চিত করা হলো না? হাদীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জবাব সরকারকে দিতে হবে। এই দায় সরকার কিছুতেই এড়িয়ে যেতে পারে না।











