সমালোচনা করার অধিকার অবশ্যই সবার আছে। কিন্তু কোনো অবস্থাতেই তা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে শফিকুর রহমান বলেন, সম্প্রতি ভোটের মাঠে কাজ করতে গিয়ে অনেকেই একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন। সমালোচনা করার অধিকার অবশ্যই সবার আছে। কিন্তু কোনো অবস্থাতেই তা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়।
তিনি বলেন, সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত। এমন কোনো ভাষা প্রয়োগ করা মোটেই কাম্য নয়, যে ভাষা আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে প্রয়োগ করলে আপনি আহত হবেন। এমনকি আপনার কোনো প্রিয় মানুষকে যদি কেউ রুচি বহির্ভূতভাবে সমালোচনা করে, তার জবাবও হওয়া উচিত উত্তম ভাষায় এবং যুক্তিপূর্ণভাবে। এটাই আমাদের শিক্ষা।
তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, আমার এই সামান্য পরামর্শটুকু সবাই যথাযথ গুরুত্ব দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন।











