বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, ৫০ শতাংশ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করল, কিন্তু ৭০ শতাংশ গণভোটের রায় এখনো বাস্তবায়ন করা হলো না। গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইলের লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, ৩৩টি রাজনৈতিক দলের ৮০ বার বৈঠকের মাধ্যমে জুলাই সনদের রায় প্রণয়ন করা হলেও তা কার্যকর করা হয়নি। ক্ষমতা কুক্ষিগত করার জন্য প্রধানমন্ত্রীর হাতে সবকিছু রাখা হয়েছে এবং রাষ্ট্রপতিকে কাঠের পুতুল হিসেবে বসিয়ে রাখা হয়েছে।
জুলাই আন্দোলনে প্রায় দেড় হাজার যুবক নিহত এবং কয়েক হাজার আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের প্রধান দাবি ছিল মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া এবং কোটা প্রথা বাতিল করা। কিন্তু সরকার তা এখনো বাস্তবায়ন করেনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার বিগত আওয়ামী লীগের মতো ‘পুলিশ লীগ’ ও ‘ছাত্রলীগ’ তৈরি করছে। সিন্ডিকেট করে বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়। দাম বাড়িয়ে দেওয়ার পর সেই সংকট আর থাকে না।
মাওলানা মামুনুল হক সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মহসিনউদ্দীন, মাওলানা শাফায়াত হোসাইন ও মুফতি দিদার হোসেন প্রমুখ।











