spot_img
spot_img

ক্যান্সার চিকিৎসায় বড় উদ্যোগ, দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ক্যান্সার চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই ১৭টি অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ৬টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে স্থাপন করা হবে। এর ফলে ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় তুলনামূলক স্বল্পমূল্যে আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে ঢাকামুখী রোগীদের চাপও অনেকাংশে কমে আসবে।

ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরে চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও জানান, দেশে প্রথমবারের মতো রোবটিক সার্জারির সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদামতো ১০টি রোবটিক সার্জারি মেশিনের মধ্যে ৫টি চলতি বছরের মধ্যেই দেশে আনার পরিকল্পনা রয়েছে।

দেশে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি পরিচালিত হবে। মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ পৌঁছে দেওয়া হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং ডেঙ্গু-পরবর্তী হৃদরোগ সংক্রান্ত জটিলতার বিষয়টি বিবেচনায় রেখে চিকিৎসকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ