ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি মুহাম্মাদ রেজা বাহরামি।
বুধবার (৭ অক্টোবর) আফগানিস্তানবিষয়ক অষ্টম মস্কো ফরম্যাটের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে আফগানিস্তান ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতির বিভিন্ন দিক এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।
আফগানিস্তানের সঙ্গে ইরানের সম্পৃক্ততা এবং আঞ্চলিক বৈঠকগুলোতে ইরানের গঠনমূলক অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মুত্তাকী। একই সঙ্গে কাবুল ও তেহরানের মধ্যকার সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অন্যদিকে মুহাম্মাদ রেজা বাহরামি দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতা এবং আফগানিস্তান ও ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়ানোর বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।
সূত্র : আরিয়ানা নিউজ











