বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে নারী পুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালেম যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে সেই জালেমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। নারীদের পেছনে ফেলে, নারীদের ঘরে বন্ধ করে রেখে কোনোভাবে সামনে এগোনো যাবে না। দেশ গড়তে হলে নারী-পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, দুঃখের বিষয় যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের ভাষায় একটি রাজনৈতিক দল কথা বলছে। জনগণ সেই রাজনৈতিক দলটিকে গুপ্ত নামে চেনে। এরা ইসলামের রাজনীতি করে কিন্তু এরা নারীদের নিয়ে কিভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে।
তিনি বলেন, জালেমদের নেতা প্রকাশ্যে বলেছেন বাংলাদেশের নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই দলের দেশের মা-বোনদের প্রতি শ্রদ্ধা নেই, তাদের কষ্টের প্রতি সম্মান নেই, তাদের থেকে বাংলাদেশের অগ্রগতি আশা করা যায় না।
তিনি আরও বলেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগেই যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করছে, তারা কী করে সৎ মানুষের শাসন কায়েম করবে? আইডি হ্যাকের নামে মিথ্যা কথা বলে যারা, তারা সৎ মানুষ হতে পারে না।











