রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিদেশি বিনিয়োগকারীদের আবাসিক অনুমোদন দিচ্ছে আফগানিস্তান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান বিনিয়োগকারীদের বিনিয়োগের বিনিময়ে এক থেকে দশ বছর মেয়াদি আবাসিক অনুমোদন দেওয়ার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। সিদ্ধান্তটি অর্থনৈতিক কমিশনের নিয়মিত বৈঠকে অনুমোদিত হয়।

ডেপুটি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকটি কাসর মারমারিনে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার। কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীদের আবাসিক অনুমোদনের মেয়াদ বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

কার্যালয় আরও জানিয়েছে, বিনিয়োগের পরিমাণ অনুযায়ী আবাসিক মেয়াদ কত হবে, তা নির্ধারণের জন্য একটি নির্ধারিত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিকে বলা হয়েছে, বিনিয়োগকে নির্দিষ্ট মানদণ্ডের আওতায় শ্রেণিবদ্ধ করে সেই অনুযায়ী আবাসিক মেয়াদ ঠিক করতে হবে। একইসঙ্গে বিষয়টির পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত করে পরবর্তী বৈঠকে প্রতিবেদন উপস্থাপন করতে হবে।

ডেপুটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, একই বৈঠকে দেশের কাস্টমসগুলোতে টিআইআর কার্যক্রম শুরু ও বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় আসে। বিষয়টি সব দিক থেকে মূল্যায়নের জন্য একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৈঠকের শেষে লালা ও সদফ আবাসন শহরকেন্দ্রিক প্রকল্প সম্পর্কিত কমিটিগুলোর মূল্যায়ন প্রতিবেদনও উপস্থাপন করা হয়। কার্যালয় জানিয়েছে, প্রকল্পগুলোর বিষয়গুলো আরও গভীরভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কমিটিগুলোকে কমিশনের সঙ্গে তাদের প্রতিবেদন শেয়ার করতে বলা হয়েছে।

আবাসিক অনুমোদনের মেয়াদ এক থেকে দশ বছর পর্যন্ত দেওয়ার পরিকল্পনা অনুমোদিত হলেও, কোন পরিমাণ বিনিয়োগে কত বছর আবাসিক অনুমোদন মিলবে, সেই নির্দিষ্ট শ্রেণিবিন্যাস ও শর্তাবলি কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত হওয়ার কথা।

সূত্র : আর্গ, আরিয়ানা নিউজ, অ্যাটলাসপ্রেস নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ