বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে তিস্তা ব্যারাজ নির্মাণের কাজে হাত দেওয়ার প্রতিশ্রুতি এবং ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় অঞ্চলে শিল্পায়নের পরিকল্পনা তুলে ধরেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষ ফেব্রুয়ারির ১২ তারিখ ভোটের হারানো দিনের অধিকার ফিরে পেতে যাচ্ছে। হারিয়ে যাওয়া অধিকার প্রয়োগের সময় এসেছে। তিনি বলেন, এ নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, দেশ পুনর্গঠনের নির্বাচন। বিগত তিনটি নির্বাচনে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তবে এবার সময় এসেছে জনপ্রতিনিধি নির্বাচন আর দেশ পুনর্গঠনে হাত দেওয়ার।
তিনি বলেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড় তুলতে চাই। এজন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে নারীরা স্বাবলম্বী হবেন। এছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এতে কৃষক সহজে ঋণ, সার ও ফসলের বীজ পাবেন। ১২ তারিখ ধানের শীষকে বিজয়ী করলে ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ করা হবে।
দেশকে সামনে এগিয়ে নিতে চাই উল্লেখ করে তারেক রহমান বলেন, এ কাজ করতে হলে জনগণের সহযোগিতা প্রয়োজন। তাই পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট চাই।
অঞ্চলের উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, চিনিকলসহ এ অঞ্চলের শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা হবে। ঠাকুরগাঁও ক্যাডেট কলেজ করার চেষ্টা করবে বিএনপি। এছাড়া হিমাগার তৈরি করা হবে, যেন কৃষক তাদের পণ্য সংরক্ষণ করতে পারেন। পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি হাব তৈরি করা হবে।
তিনি আরও বলেন, মেডিকেল কলেজের দাবি বাস্তবায়ন করবে বিএনপি। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যাপারেও ইতিবাচক প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব এ এলাকার বিমানবন্দর চালু করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।











