আচরণবিধি ভঙ্গের দুইটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। এছাড়াও অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ জরিমানা করেন।
নির্বাচনি বিচারিক আদালত জানায়, মাওলানা আমির হামজার নির্বাচনি এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তার বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এটি নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫-এর ৭ (ঝ) লঙ্ঘিত হয়েছে। এছাড়া তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ জমা পড়ে। যা আচরণ বিধিমালার ২৫ এর ৭(ছ) এর লঙ্ঘন।
এর প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচনি বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম আমির হামজার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।











