ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলখ, কুনার ও পারওয়ান প্রদেশে পাত্রির অসম্মতিতে হতে যাওয়া তিনটি জোরপূর্বক বিয়ে বন্ধ করেছেন। এতে ইসলামী আইনের আলোকে নারীদের অধিকার সুরক্ষিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরিয়ানা নিউজ।
ঘটনাগুলোতে দেখা গেছে, কিছু পরিবার তাদের মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। অভিযোগ নথিভুক্ত ও পর্যালোচনা করার পর মন্ত্রণালয় দ্রুত হস্তক্ষেপ করে বিয়েগুলো বন্ধ করে দেয়।
পরবর্তী সময়ে পরিবারগুলোকে তলব করে নারীদের অধিকার ও জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। হস্তক্ষেপের পর পরিবারগুলো অঙ্গীকার করে যে, ভবিষ্যতে তাদের মেয়েদের সব বিয়ে নারীদের পূর্ণ সম্মতির ভিত্তিতে হবে।
সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপগুলো আফগানিস্তানজুড়ে নারীর অধিকার রক্ষা এবং ইসলামী নীতিমালা বাস্তবায়নের তাদের চলমান অঙ্গীকারের প্রতিফলন।
সূত্র: আরিয়ানা নিউজ











