ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীরকে আটকের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর একটি সাজানো নাটক এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি দল রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই নাটক মঞ্চস্থ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, কোনো তদন্তের আগেই বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়েছে। এই অর্থের ডকুমেন্ট থাকা সত্ত্বেও এটি করা সুস্থ রাজনৈতিক চর্চা নয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এটি একটি সাজানো নাটক। তিনি (আমীর বেলাল) তার ব্যবসার কাজে আসা-যাওয়া করেন, এরইমধ্যে স্পষ্ট করেছেন। ব্যাংক বন্ধ থাকায় লেনদেন করতে হয়, সেটাও তিনি জানিয়েছেন। এজন্য তার সঙ্গে কিছু নগদ টাকা থাকা খুবই স্বাভাবিক।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, একজন মানুষ ব্যবসা করতে পারেন, তার পরিবার বা অন্যান্য প্রয়োজনে তিনি টাকা বহন করতে পারেন। এয়ারপোর্টের মতো একটি সীমাবদ্ধ এলাকায় যেখানে মানুষের চলাফেরা নিয়ন্ত্রিত, সেখানে এটিকে নাটক বানিয়ে দেখানো হচ্ছে। এটি উদ্দেশ্য বুঝানোর জন্য বিভিন্ন নিউজ প্রকাশ করা হচ্ছে। তিনি একজন বয়স্ক ও দায়িত্বশীল নেতা। ইতিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং মেন্টাল টর্চারের জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, জামায়াতে ইসলামী তাদের নীতিনির্ধারণী কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালনার চেষ্টা করে।
তিনি বলেন, জেলা আমীরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদিকে নেওয়ার চেষ্টা চলছে। এই অর্থ নির্বাচনসংক্রান্ত নয়; এটি তার ব্যক্তিগত ব্যবসার টাকা।
তিনি আরও বলেন, দেশের নানা জায়গায় প্রার্থী, এজেন্ট ও নেতৃবৃন্দের ওপর হামলা করা হচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য নানাভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রশাসনের কিছু লোক একটি দলকে অন্যায়ভাবে সুবিধা দিতে একপক্ষীয়ভাবে হেলাফেলা করছে। যদি প্রশাসন নিরপেক্ষ না থাকে, তাহলে জনগণ কাউকে ছাড় দেবে না।
এর আগে, দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিনকে নগদ টাকাসহ আটক করে পুলিশ।
আটকের পর বেলাল জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা রয়েছে বলে জানিয়েছেন।
টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে, এমনটিও জানিয়েছেন।











