ঢাকার আশুলিয়ায় দুইটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালায়। একই সময়ে ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম ভোটকেন্দ্রেও পৃথক অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর টহল দল নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। পরে একই সময়ে নলাম ভোটকেন্দ্রে পৃথক অভিযানে আরও ৪ জনকে আটক করা হয়। আটক ১৩ জনকে রাতেই আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।
নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র এলাকা থেকে আটক ৯ জন হলেন, আব্দুর রহমান (৪২), মো. শাহজাহান বেপারী (৬৪), মোহাম্মদ সরোয়ার (৫২), মো. জুলহাস উদ্দিন (২৪), মো. সুমন (২৩), মো. সুজন (২০), মো. শাহিনুর ইসলাম (৩০), মো. সুমন (৩৬) এবং মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)।
নলাম ভোটকেন্দ্র এলাকা থেকে আটক ৪ জন হলেন, মো. মন্টু মিয়া (৩৫), মো. জুয়েল মিয়া (৩৬), কবির হোসেন (৩৭) এবং রাকিব হোসেন (৩৯)।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিরা সবাই বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ বলেন, সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।











