কুষ্টিয়ার ৪টি আসনের বেসরকারি ফলাফলের ভিত্তিতে ৩টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন আর একটি আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ৭৫ হাজার ৬৬৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫৭ হাজার ৮১৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী বেলাল উদ্দিন পেয়েছেন ৮২ হাজার ১৫৩ ভোট।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৭০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর ৪৬ হাজার ৫৩৪ বেশি ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৮৯ হাজার ৮১৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ৫৩ হাজার ৭’শ ৮১ বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মুফতি আমির হামজা পেয়েছেন ১লাখ ৮০ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ১ লাখ ২৬ হাজার ৯০৯ পেয়েছেন।
বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ফেসবুক পোষ্টে জামায়াত প্রার্থী মুফতী আমির হামজাকে অভিনন্দন জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে শুভেচ্ছা ও অভিনন্দন । কুষ্টিয়ার মানুষের কল্যাণে যে কোন ভাল কাজে পাশে থাকব ইনশাআল্লাহ।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১৫২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসেন ৫ হাজার ৯৫০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট।











