রবিবার | ১৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ আয়োজন: আইন উপদেষ্টা

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উপদেষ্টা বলেন, দক্ষিণ প্লাজায় শপথের বিষয়ে বিএনপিই অভিপ্রায় ব্যক্ত করেছিল। আমার ধারণা এই সংসদটা একটু ভিন্ন। ছাত্র-জনতার আত্মত্যাগ এবং এই গণঅভ্যুত্থান অনেক ত্যাগ, কষ্ট ও বেদনার বিনিময়ে এই সংসদ পেয়েছি। এসব কারণে সংসদটি অন্য সব সংসদের চেয়ে ভিন্ন। এটা বিভিন্ন ধরনের তাৎপর্যপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের যে ডকুমেন্টেশন সেটা প্রকাশের একটি জায়গা হিসেবেও দাঁড়িয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সংসদ প্রাঙ্গণে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এখানে জুলাই সনদ ঘিরে যে অনুষ্ঠান সেটাও এখানে আয়োজন করা হয়েছে। সুতরাং সংসদের দক্ষিণ প্লাজাটি বিভিন্ন কারণে আমাদের কাছে স্মরণীয়। এ সংসদের পাশেই বেগম খালেদা জিয়া এবং সবার প্রিয় আমাদের ওসমান হাদির জানাজা হয়েছিল।

তিনি বলেন, মঙ্গলবার সকাল দশটায় সংসদ সদস্যদের শপথ হবে। আমি ধারণা করছি খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এই শপথ দেবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পরেই তাদের সংসদীয় দলের প্রধানকে নির্বাচিত করবেন। এছাড়া বিকেল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে। আমার জানামতে এটা রাষ্ট্রপতি করবেন।

কারা আমন্ত্রিত হবেন? এমন প্রশ্নে তিনি বলেন, এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নেবেন। আমার জানামতে এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানের মন্ত্রীদের দাওয়াত দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ