দেশে আর কোনোভাবেই মবের কোনো ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকার গঠনের পর সচিবালয়ে নিজের দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি দাওয়া থাকবে, তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। মিছিল সমাবেশ করতে পারবে, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে মহাসড়ক বন্ধ করা যাবে না। দাবি আদায়ের জন্য মব কালচার সহ্য করা হবে না।”
বুধবার (১৮ ফেব্রুয়ারি), ২০২৬ সালে সরকার গঠনের পর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পুলিশ বাহিনী নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মন্ত্রণালয় মানে বাংলাদেশের মানুষ জানেই পুলিশ। পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তি আগে নষ্ট হয়েছে সেটার উত্তরণ ঘটাতে হবে।”
মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার বার্তা দিয়ে সালাহউদ্দিন বলেন, “পুরোপুরি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় বানাতে হবে, সবার দায়বদ্ধতা, স্বচ্ছতা থাকবে। যে কেউ বাহিনীর মধ্যে অপরাধে জড়িত থাকলে সাথে সাথে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”











