ভোগ্যপণ্য আমদানিকারকদের ‘সোজা’ করার হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া পোস্টে ভোগ্যপণ্য আমদানিকারক, মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারির কথা জানান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
ইশরাক হোসেন বলেন, “রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টি কে, নাবিল, এসিআই ইত্যাদি-মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে। এরপর যত দূর যেতে পারি।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সব মাফিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিকমতো খেতে না পারলে এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ।”
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে বিএনপি। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেন। এতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত ইশরাক হোসেন।











