জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, দেশের সব কালোবাজারিদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে।
ধর্মমন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সব কালোবাজারিদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠিন। উনি জনগণ ছাড়া কিছু বুঝেন না।”
বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন।
ধর্মমন্ত্রী আরও বলেন, “আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলি, তাহলে দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না।” তিনি রমজান মাসকে পবিত্র মাস উল্লেখ করে বলেন, “এই রমজান মাসে দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত করেন। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করতে পারি।”











