ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা পুরো রাজশাহীবাসীর সম্মানের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং সবার ভালোবাসা ও সমর্থনের ফল। তিনি বলেন, প্রায় ২০ বছর পর রাজশাহীর জন্য নতুনভাবে পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।











