যুব সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একইসঙ্গে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি কঠোর হাতে দমনের পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানান।
ধর্মমন্ত্রী বলেন, যুব সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে। দলীয় পরিচয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি। ধর্মমন্ত্রীর ভাষায়, প্রশাসন আইন অনুযায়ী চলবে।
তিনি সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজিকে কঠোর হস্তে দমন করতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থাগ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের আগে সকাল ১০টা ৪০ মিনিটে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের গাড়িবহর মুরাদনগর উপজেলা পরিষদে প্রবেশ করলে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
দুপুরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরকে ইফতার সামগ্রী উপহার দেন। এ সময় আনন্দিত শহীদ পরিবারের সদস্যরা অশ্রুভেজা চোখে বলেন, “যারা শহীদদের রক্তের ওপর ভিত্তি করে উপদেষ্টা হইল তারা কখনো খোঁজ নেন না। কিন্তু কায়কোবাদ দাদা সব সময়ই আমাদের খোঁজ রাখেন। আমাদের ঘর করে দিয়েছেন আবার মন্ত্রী হয়েই আমাদের সাথে দেখা করে ইফতার সামগ্রী দিয়েছেন।”











