ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে, এ ধরনের আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে দেশটি সময়মতো পরিমিত ও যথাযথ জবাব দেবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি সামরিক বাহিনী আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে নানগারহর ও পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয় আফগানিস্তান।
বিবৃতিতে এই বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, এটি আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন, ইসলামী নীতিমালা এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের রীতিনীতিরও পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয় আরও পুনর্ব্যক্ত করে যে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর জন্য ধর্মীয় দায়িত্ব ও জাতীয় কর্তব্য। উপযুক্ত সময়ে পরিমিত ও যথাযথ জবাব দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক এলাকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা পাকিস্তানের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ। এ ধরনের পদক্ষেপ দিয়ে ইসলামাবাদ তাদের অভ্যন্তরীণ দুর্বলতা আড়াল করতে পারবে না বলেও দাবি করা হয়েছে।
সূত্র: আরিয়ানা নিউজ











