রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেড় বছর শ্বাসরুদ্ধকর সময় পার করেছি, আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন তিনি।
সাক্ষাৎকারে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসার পর রাষ্ট্রপতির অনুভূতি জানতে চাওয়া হয়। উত্তরে রাষ্ট্রপতি বলেন, ‘এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত ও ভারমুক্ত। দেড় বছর শ্বাসরুদ্ধকর সময় পার করেছি। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স। দেড় বছর ধরে আমার মাথায় একটাই চিন্তা ছিল, কীভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব, কীভাবে বঙ্গভবনকে নিরাপদ রাখব। সেই চাপ এখন পুরোপুরি চলে গেছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন ভালো হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে রাষ্ট্রপতির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার তো খুব অল্প সময় তাকে দেখা। টুকটাক কিছু কথা হয়েছে। দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলি উনার মধ্যে আছে। এটা নির্দ্বিধায় বলা যায়। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই কদিনের যে কার্যক্রম, তাতে আশাবাদী হওয়া যায়, বিশেষ করে উনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। তাই দেশের ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি না যে আমরা কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যেন আলোকবর্তিকা হাতে নিয়ে সামনে এগিয়ে যান, এটাই আমার কামনা।’











