পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাক-আফগান সীমান্তে তালেবান বিনা উসকানিতে হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে হামলার জোরালো ও তাৎক্ষণিক জবাব দিয়েছে পাক বাহিনী।
এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগান তালেবান ভুল হিসাব করে খাইবার পাখতুনখাওয়ায় পাক-আফগান সীমান্তের একাধিক স্থানে বিনা উসকানিতে গুলি চালিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দ্রুত ও কার্যকর পাল্টা জবাব দিচ্ছে।
মন্ত্রণালয় আরও দাবি করেছে, চিত্রাল, খাইবার, মুহমান্দ, কুররম ও বাজৌর সেক্টরে আফগান তালেবান বাহিনীকে কঠোর জবাব দেওয়া হয়েছে এবং তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে।
প্রাথমিক তথ্যের কথা উল্লেখ করে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দাবি করেছে, আফগানিস্তানের দিকে ব্যাপক প্রাণহানি হয়েছে। একই সঙ্গে একাধিক চৌকি ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও তারা বলেছে।
পাকিস্তান সরকার বলেছে, আঞ্চলিক অখণ্ডতা এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সূত্র : জিয়ো নিউজ











