মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পীরজাদা মাওলানা হানজালা মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় মধ্যরাতে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাম্প্রতিক এই ঘটনাকে পীরজাদা মাওলানা হানজালার পূর্বঘোষিত চাঁদাবাজি ও মাদকবিরোধী অবস্থানের বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
রাতের আঁধারে পাঁচ্চর গোলচত্বরে যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য পীরজাদা মাওলানা হানজালা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই দ্রুত ও সাহসী পদক্ষেপ নেওয়ায় সংসদ সদস্যের প্রশংসা করেন।
নেটিজেনরা মন্তব্য করেন, একজন জনপ্রতিনিধি এভাবে মাঠে সক্রিয় থাকলে অপরাধপ্রবণতা কমে আসবে। শিবচরকে নিরাপদ ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে এমন অভিযান অব্যাহত রাখারও দাবি জানান তারা।
নির্বাচিত হওয়ার পর থেকেই পীরজাদা মাওলানা হানজালা শিবচর উপজেলাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে আসছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।











