আমেরিকা-ইসরাইল জোট কর্তৃক ইরানে হামলাকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত আমেরিকার দূতাবাসে একটি ইরানি ড্রোন আঘাত হেনেছে, এসময় সেখান থেকে ধোঁয়া উড়তে হয়।
এছাড়াও সোমবার (২ মার্চ) পশ্চিম কুয়েতে আমেরিকার বিমান বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় বলে খবর পাওয়া গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কুয়েতে অবস্থিত আমেরিকার দূতাবাস প্রাঙ্গণ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
একই সময়ে পশ্চিম কুয়েতে আমেরিকার বিমান বাহিনীর একটি এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্যে বলা হয়েছে, দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে যেতে সক্ষম হন।
আরও বলা হয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক অযাচাইকৃত ভিডিওতে যুদ্ধবিমানটিকে দ্রুত নিচে নামতে দেখা যায়। এরপর দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি।
আরও কিছু ভিডিওতে দেখা যায়, সামান্য আহত বলে মনে হওয়া পাইলটকে স্থানীয় কুয়েতি লোকজন সহায়তা করছেন। একটি ভিডিওতে চিকিৎসাসেবার সঙ্গে যোগাযোগ করতে করতে তাকে একটি গাড়ির পেছনের মালপত্র রাখার অংশে তুলতে দেখা যায়। সেখানে তাকে আমেরিকান বলে শনাক্ত করা হয়।
সূত্র : আল জাজিরা ও ফ্রি প্রেস জার্নাল











