দেশের সার্বিক অবস্থা বিবেচনায় জাকজমকপূর্ণ ইফতার মাহফিল থেকে সরে এসে সীমিত পরিসরে মাত্র দুটি ইফতার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে শুধু দুটি ইফতার মাহফিল আয়োজন করছেন। এর মধ্যে ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে ইফতার অনুষ্ঠিত হবে। দুটি আয়োজনই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে।
আতিকুর রহমান রুমন আরও বলেন, রাজনীতিবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমকর্মীদের সম্মানে ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত ছিল। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় এই দুটি আয়োজন বাতিল করা হয়েছে।
প্রতিবছর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তবে এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সঙ্গে নিজের বাসায় ইফতার করছেন। ফলে রাষ্ট্রীয়ভাবে জাকজমকপূর্ণ ইফতার অনুষ্ঠান রাখা হচ্ছে না।











