ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মাদ ইয়কুব মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে যেকোনো হামলার জবাব দেওয়া হবে এবং তা কোনোভাবেই প্রতিক্রিয়া ছাড়া পার পাবে না। তিনি সতর্ক করে বলেন, কাবুলে অস্থিতিশীলতা সৃষ্টি হলে তার প্রভাব অবধারিতভাবেই ইসলামাবাদেও পৌঁছাবে।
তোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পাকিস্তানের সামরিক শাসনের সাম্প্রতিক হামলায় নিহত বেসামরিক নাগরিকদের রক্তের প্রতিশোধ আফগান বাহিনী নিয়েছে।
আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই জবাব ছিল দ্বিগুণ শক্তিতে। প্রতিটি বেসামরিক শহীদের বিপরীতে কয়েক ডজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আফগানিস্তান যুদ্ধ চায় না। তবে যদি তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে দীর্ঘমেয়াদি সংঘর্ষ মোকাবিলার জন্য দেশ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, প্রয়োজনে দশ বছর বা তারও বেশি সময় ধরে চলতে পারে এমন যুদ্ধের জন্যও আফগানিস্তান ভয় পায় না।
তিনি বলেন, দেশের মাটি ও জনগণকে রক্ষা করা আফগানিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ অবস্থান থেকে কোনোভাবেই পিছু হটার প্রশ্নই ওঠে না।
মোল্লা ইয়াকুব মুজাহিদ আরও বলেন, আফগান জনগণ ও তাদের সশস্ত্র বাহিনী কোনো আগ্রাসনের মুখে হাত গুটিয়ে বসে থাকবে না। যখনই আফগানিস্তান হুমকি বা হামলার মুখে পড়বে, তখনই তার জবাব হবে কঠোর ও চূড়ান্ত।
সূত্র: হুরিয়াত রেডিও










