গত ২৪ ঘণ্টায় আফগান বাহিনীর পাল্টা হামলায় ২৫৭ জন পাকিস্তানি সেনা হতাহত হয়েছে।
আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের জানায়, ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে ‘রিফদুজ জুলুম’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। এতে ১০৯ জন পাকিস্তানি সেনা নিহত এবং আরও ১৪৮ জন আহত হয়েছে। একই সময়ে পাকিস্তানি বাহিনীর ১৪টি চৌকি ও ৩টি সামরিক ঘাঁটি দখল করে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।
আফগান বাহিনী কান্দাহার, নানগারহার, কুনার, খোস্ত, পাক্তিয়া ও পাক্তিকা প্রদেশসংলগ্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে। পাকিস্তানি বিদ্রোহীদের লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
একটি ভিডিও বার্তায় আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খাওয়ারিজমি জানান, গত এক দিনে আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ১০টি সামরিক যান ধ্বংস করেছে। একই সময়ে পাকিস্তানি যোদ্ধাদের শত শত হালকা ও ভারী অস্ত্র জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গত রাতে পাকিস্তানি শাসনের দুটি নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র তেহেরাজাদেহ জানান, অভিযানের সময় তিনজন আফগান সেনা শহীদ হয়েছেন এবং আরও নয়জন আহত হয়েছেন। একই সঙ্গে পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ডে সাতজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন।
খাওয়ারিজমি ও তেহেরাজাদেহ জানান, গত এক সপ্তাহে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে আফগান বাহিনীর প্রতিশোধমূলক অভিযানে পাকিস্তানি বাহিনীর মোট ৬৪টি চৌকি ও ৭টি সামরিক ঘাঁটি দখল করে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও











