কোনো অবস্থাতেই ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় ঈদযাত্রা ব্যাহত হওয়া বা টিকিটের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে হুঁশিয়ারিও দেন তিনি।
সড়কমন্ত্রী জানান, বর্তমানে দেশের জ্বালানি তেলের মজুদ সন্তোষজনক ও নিরাপদ রয়েছে। ঈদযাত্রার সময় বাস চলাচলের জন্য যে পরিমাণ জ্বালানি প্রয়োজন, তা পর্যাপ্তভাবে সরবরাহ করা হবে।
মন্ত্রী আরও বলেন, মেট্রোরেলের সেবা দেশের নাগরিকদের জন্য অত্যন্ত উপযোগী। এর সঙ্গে মনোরেলসহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থা যুক্ত করে ঢাকার পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। এই পরিকল্পনা পর্যায়ক্রমে দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।










