যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, এই ইস্যুতে তারা নিরপেক্ষ অবস্থানে নেই এবং তেহরানের পাশে রয়েছে।
শনিবার (৭ মার্চ) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই ক্লেইন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকার সমালোচনা করে বলেন, চলমান যুদ্ধে মস্কো ইরানকে সমর্থন করছে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে রুশ রাষ্ট্রদূতের বরাত দিয়ে বলা হয়, পশ্চিমা দেশগুলো যেখানে এই সংঘাতের জন্য ইরানকে দায়ী করছে, সেখানে রাশিয়া ভিন্ন অবস্থান নিয়েছে। ক্লেইন দাবি করেন, ইরানের ওপর হামলার জন্য মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী।
তিনি আরও বলেন, তেহরানের সামরিক পদক্ষেপ মূলত পাল্টা প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা অন্যায্য বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র, স্কাই নিউজ










