spot_img
spot_img

নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল আমেরিকা

ইরানের হামলার ভয়ে মার্কিন নাগরিকদের তুরস্ক ছাড়তে বলেছে আমেরিকা।

আজ সোমবার (৯ মার্চ) তুরস্কের আকাশে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রবেশের দ্বিতীয় চেষ্টার খবরের পর এ নির্দেশনা দিল ওয়াশিংটন।

তুরস্কের আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার (৯ মার্চ) জানায়, ওয়াশিংটন আদানা শহরের নিকটবর্তী (একটি গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটির কাছে অবস্থিত) তাদের কনস্যুলেট থেকে জরুরি নয় এমন কর্মীদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং মার্কিন নাগরিকদের ইরান সীমান্তবর্তী ‘দক্ষিণ-পূর্ব তুরস্ক’ ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সম্পদ লক্ষ্য করে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তুরস্কের বেশ কয়েকটি ন্যাটো ঘাঁটিতে মার্কিন সৈন্য মোতায়েন থাকা সত্ত্বেও দেশটি এখন পর্যন্ত সরাসরি বড় কোনো আঘাত থেকে রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে।

এর মধ্যে অন্যতম হলো ইনসারলিক বিমান ঘাঁটি, যা একটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা এবং কয়েক দশক ধরে মার্কিন সেনারা এটি ব্যবহার করে আসছে। এটি আদানা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে অবস্থিত।

দূতাবাস এক্সে জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে স্টেট ডিপার্টমেন্ট সোমবার আদানা কনস্যুলেট জেনারেল থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

তারা স্টেট ডিপার্টমেন্টের একটি ভ্রমণ সতর্কবার্তাও উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব তুরস্কে অবস্থানরত আমেরিকানদের এখনই এলাকাটি ত্যাগ করতে জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে।

গত বুধবার ন্যাটো বাহিনী ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে, যার ফলে আঙ্কারা থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। ইরান অঞ্চলজুড়ে হামলা জোরদার করার প্রেক্ষাপটে ন্যাটো তাদের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবস্থান’ আরও শক্তিশালী করার কথা জানিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ‘ইরান থেকে ছোড়া এবং তুরস্কের দিকে অগ্রসরমান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে,’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রবেলস বলেছেন, ইনসারলিকে অবস্থানরত স্প্যানিশ সেনাদের পরিচালিত একটি প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি ক্ষেপণাস্ত্রটি দেখতে পায়। তারা ‘ক্ষেপণাস্ত্র হামলাটি শনাক্ত এবং রিপোর্ট করেছিল,’ যদিও তারা সেটি ভূপাতিত করেনি বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: আল আরাবিয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ