spot_img

যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না ইরান: পার্লামেন্ট স্পিকার

ইরান যুদ্ধবিরতির পথে যাচ্ছে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনা করে যুদ্ধের সমাপ্তি টানার প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইরান যুদ্ধবিরতির কথা ভাবছে না। আগ্রাসী শক্তিকে এমনভাবে জবাব দিতে হবে যাতে তারা ভবিষ্যতে আর কখনও ইরানের ওপর হামলার কথা চিন্তাও না করে।

তিনি আরও বলেন, ‘যুদ্ধ–আলোচনা–যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ’—এ ধরনের কৌশল ইরান ভেঙে দিতে চায়। তার অভিযোগ, নিজেদের আধিপত্য ধরে রাখতে ইসরায়েল এমন কৌশলের আশ্রয় নেয়।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ মার্চ) ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় পুতিন ইরানের সঙ্গে সংঘাত দ্রুত মীমাংসার বিষয়ে প্রস্তাব দেন। এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উশাকভ বলেন, দুই নেতা ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন এবং সংলাপের মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি পুরো আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। উশাকভ জানান, ইরান সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের জন্য পুতিন বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর নেতা, ইরানের প্রেসিডেন্ট এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ও রয়েছে।

তিনি আরও বলেন, আলোচনায় ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন। উশাকভের ভাষায়, দুই নেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ধারণা বিনিময় হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ