ইরান-সমর্থিত সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে, গত ১২ দিনে চালানো হামলায় আরও ১৩ মার্কিন সেনা নিহত হয়েছে এবং কয়েক ডজন আহত হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে জানানো হয়, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এসব হামলায় ইরাকসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
তাদের দাবি, শুধু গত ২৪ ঘণ্টাতেই ৩১টি অভিযান চালানো হয়েছে। এতে ১৩ মার্কিন সেনা নিহত এবং আরও অনেক সেনা আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এর আগে মঙ্গলবার গোষ্ঠীটি দক্ষিণ ইরাকের বসরা প্রদেশের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র আগে পাল্টা হামলায় সাত মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলেও তেহরান বলছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সূত্র: প্রেস টিভি










