spot_img

প্রথম ভাষণে শত্রুদের কঠোর বার্তা মোজতবা খামেনির

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত এই ভাষণে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং ইরানের শত্রুদের উদ্দেশে কঠোর বার্তা দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভাষণে মোজতবা খামেনি বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করা শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। শত্রুদের ওপর চাপ বজায় রাখতে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র–এর সব সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করে দিতে হবে। অন্যথায় এসব ঘাঁটি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

তবে একই সঙ্গে নতুন সর্বোচ্চ নেতা বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কিন্তু মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া হবে বলেও তিনি স্পষ্ট করে দেন।

প্রসঙ্গত, গত রোববার ইরানের ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভোটাভুটির মাধ্যমে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর দ্বিতীয় সন্তান।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র–এর যৌথ হামলায় তেহরানে নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার মেয়ে, নাতি, জামাইসহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও নিহত হন। এরপর থেকেই মোজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় আনা হচ্ছিল।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এর আগে কখনও কোনো সরকারি দায়িত্ব পালন করেননি বা নির্বাচনে অংশ নেননি। তবে তার বাবা ক্ষমতায় থাকার সময় তিনি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব রাখতেন এবং বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ