আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে বিমান হামলা চালিয়ে ৪০০ জনকে হত্যা করেছে পাকিস্তান। হামলায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে এ হত্যাকাণ্ড চালায় পাকিস্তান।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় বলেন, সোমবার রাত প্রায় ৯টার দিকে পাকিস্তানের সামরিক বাহিনী কাবুলের ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে বিমান হামলা চালায়।
তিনি বলেন, “প্রায় ২ হাজার শয্যার এই হাসপাতালটি মাদকাসক্তদের চিকিৎসার জন্য পরিচালিত হয়। হামলার ফলে হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং হতাহতের সংখ্যা অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।”
তিনি জানান, “দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪০০-তে পৌঁছেছে এবং প্রায় ২৫০ জন আহত হয়েছে।”
তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: স্কাই নিউজ, এনডিটিভি










